আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করে এক লাখ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

মঙ্গলবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালিত হবে। এ বছরের ভ্যাট দিবস (১০ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত হবে। তিনি জানান, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার।

এনবিআর চেয়ারম্যান বলেন, “ভ্যাট নিবন্ধনের আওতার বাইরে অনেক প্রতিষ্ঠান রয়েছে এবং সঠিক তথ্য আমাদের কাছে নেই। তবে ভ্যাট নিবন্ধনের অধীনে আসা প্রতিষ্ঠান সংখ্যা অনেক বেশি।” এবারের ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’।

এনবিআর সূত্র জানায়, গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের ৩৮ শতাংশ ভ্যাট থেকে সংগ্রহ করা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বিগত বছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে অনিবন্ধিত ব্যবসা, পূর্ণাঙ্গ অটোমেশনের অভাব, অতিরিক্ত ছাড়, ম্যানুয়াল অডিট ব্যবস্থা, ই-কমার্স ও উদীয়মান ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভ্যাট সংগ্রহে অসুবিধা। এই সমস্যা সমাধানে এনবিআর অনলাইন নিবন্ধন, অনলাইন রিটার্ন দাখিল, অনলাইন পেমেন্ট, ই-রিফান্ড, ই-অডিট এবং ভ্যাট স্মার্ট চালানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

আবদুর রহমান খান বলেন, “করদাতাদের স্বেচ্ছায় কর প্রদান নিশ্চিত করা এবং কর ফাঁকি কমানোই এনবিআরের প্রধান লক্ষ্য। একটি শক্তিশালী ও দক্ষ ভ্যাট ব্যবস্থা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী, শিল্প মালিক, ভোক্তা ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”